দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমির অধ্যাপক এম বি বাকেরকে দ্বিতীয়বারের মতো জেলা আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার রুকনিয়াত তিন মাসের জন্য মূলতবি করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) মাগুরা জেলা জামায়াতের দোয়ারপাড় কার্যালয়ে জেলা শূরা ও কর্মপরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসেন এ তথ্য জানান।
সভায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে অধ্যাপক এম বি বাকেরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। সহকারী অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুকে ভারপ্রাপ্ত জেলা আমির এবং সহকারী অধ্যাপক মশিয়ার রহমানকে ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, এর আগে ২০২৫ সালের জুলাই মাসে একটি হত্যা মামলায় জামিনের তদবিরে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগে তাকে জেলা আমিরের পদ থেকে অপসারণ করা হয়েছিল। পরে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর তাকে পুনর্বহাল করা হয়।
সংগঠনের অভ্যন্তরে বৈষম্যমূলক আচরণ, অনিয়ম, দুর্নীতি, অর্থ তসরুফসহ বিভিন্ন অভিযোগ ওঠায় কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত আবেদন জমা পড়ে। অভিযোগের মধ্যে রয়েছে সিন্ডিকেটের মাধ্যমে সংগঠন পরিচালনা, নির্বাচনী তহবিলের অর্থের অনিয়ম, সালিশ ও চাকরি বাণিজ্য এবং গঠনতন্ত্র উপেক্ষা।
অধ্যাপক এম বি বাকের মুঠোফোনে জানান, তাকে জেলা আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার সদস্যপদ তিন মাসের জন্য মূলতবি করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এমএম/